জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা মনে করা হয়। শনিদেব যে কোনও মানুষকে তাঁর কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে থাকেন। শনিদেবের সুদৃষ্টি যে ব্যক্তির উপর থাকে, তাঁর জীবনে সুখের অন্ত থাকে না। মুশকিল তখনই হয়, যখন শনিদেব আমাদের উপর রুষ্ট হন। তখন জীবনের সব ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়। শাস্ত্রমতে, প্রত্যেক দেবতারই কিছু প্রিয় রাশি যেমন থাকে, তেমনই কয়েকটি রাশি থাকে যারা তাঁদের কৃপা থেকে বঞ্চিত হয়। শাস্ত্র জানাচ্ছে, চার রাশির ব্যক্তিরা শনির কৃপা থেকে বঞ্চিত। এই সকল রাশিকে শনির শত্রু রাশি মনে করা হয়। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
কোন চার রাশির ব্যক্তিরা শনির শত্রু রাশি হিসাবে পরিচিত?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের কোষ্ঠীতে শনি সাধারণত নীচস্থ থাকে বলে মনে করা হয়। শনির সঙ্গে এঁদের ভাল খাপ খায় না। সেই কারণে যে কোনও কাজে এই রাশির জাতক-জাতিকাদের নানা বাধার সম্মুখীন হতে হয়। প্রচুর পরিশ্রম করলেও ফলপ্রাপ্তিতে বিলম্ব হয়। কঠোর পরিশ্রমের পরেও মনোমতো ফল পান না। সম্পর্কক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
কর্কট: চাঁদের রাশি কর্কট জাতক-জাতিকাদের সঙ্গেও শনির সম্পর্ক ভাল নয়। শনির কুদৃষ্টির কারণে এঁদের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকে না। অশান্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। পরিবারের জন্য অনেক করার পরও এঁরা তাঁদের প্রিয় হয়ে উঠতে পারেন না। ফলত পারিবারিক দিক থেকে কর্কট জাতক-জাতিকারা কখনওই শান্তি পান না। সম্পর্কেক্ষেত্রেও ভালবাসার অভাব বোধ করেন।
সিংহ: শাস্ত্রমতে, সূর্যের সঙ্গে শনির সম্পর্ক ভাল নয়। সেই কারণে সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারা শনির কৃপা পান না। কর্মক্ষেত্রে এঁদের হঠাৎ পতনের সম্মুখীন হতে হয়। নিষ্ঠাভরে কাজ করেও মনোমতো ফল পান না। শনির প্রভাবে এঁদের অহঙ্কার ও আত্মবিশ্বাস ক্ষুণ্ণ হয়। বাবার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে দেখা যায়। সামাজিক স্তরে এঁদের মর্যাদা কমতে থাকে।
আরও পড়ুন:
বৃশ্চিক: শনির শত্রু রাশির তালিকায় নাম রয়েছে বৃশ্চিক রাশিরও। এই রাশির জাতক-জাতিকাদের অর্থকষ্ট পিছু ছাড়ে না। যে পরিমাণ কাজ করেন, সেই তুলনায় ফলপ্রাপ্তি ঘটে না। এর ফলে কাজ করার ইচ্ছাশক্তি কমে যায়। মেজাজ সর্বদা সপ্তমে চড়ে থাকে। সাংসারিক ক্ষেত্রেও কুপ্রভাব পড়তে দেখা যায়। সঙ্গীর সঙ্গে একের পর এক অশান্তি চলতে থাকে।