Advertisement
E-Paper

দশমহাবিদ্যার নয় দেবীর সঙ্গে সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রের নয় গ্রহ! কোন দেবীর পুজোয় কোন গ্রহের অশুভ প্রভাব হ্রাস হয়?

জ্যোতিষশাস্ত্র মতে, প্রধানত সাতটি গ্রহ এবং দু’টি ছায়াগ্রহ-সহ ন’টি গ্রহের প্রভাব সর্বাধিক। জন্মের সময় এই ন’টি গ্রহের অবস্থান, অবস্থান অনুযায়ী একের সঙ্গে অন্যের সম্পর্ক ইত্যাদি বিচার করে গ্রহ উচ্চস্থ, নীচস্থ, শুভ না অশুভ তা নির্ণয় করা হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১
planets

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অধিকাংশ মানুষের ভ্রান্ত ধারণা যে জ্যোতিষশাস্ত্র মানেই গ্রহরত্ন ধারণ। জ্যোতিষীর উপদেশ মতো গ্রহের প্রতিকার মানেই অনেক খরচের ব্যাপার। জ্যোতিষশাস্ত্রে প্রতিকারে বিভিন্ন ধরনের বিধান আছে। গ্রহরত্ন বা উপরত্ন ধারণ সেগুলির মধ্যে এক প্রকার প্রতিকার। এটি একটি বহুলব্যবহৃত প্রতিকার ও ব্যয়সাপেক্ষও। গ্রহের শুভ ফল বৃদ্ধি বা অশুভ ফল হ্রাসের উদ্দেশ্যে গ্রহরত্ন বা উপরত্ন ধারণ বহুলব্যবহৃত প্রতিকার হলেও একমাত্র প্রতিকার নয়। যে কোনও গ্রহের শুভ ফলপ্রাপ্তির জন্য গ্রহরত্ন ধারণ করলেই যে পূর্ণ সুফল প্রাপ্তি হয় তা-ও না। ইচ্ছা থাকলেও আর্থিক সঙ্গতির কারণে গ্রহের রত্ন বা উপরত্ন ধারণ অনেক সময় সম্ভব হয় না। সে ক্ষেত্রে গ্রহরত্ন ছাড়াও অনেক উপায় আছে। পুজো-আরাধনা এবং জীবনধারার পরিবর্তনে গ্রহের সুফল প্রাপ্তি সম্ভব।

জ্যোতিষশাস্ত্র মতে, প্রধানত সাতটি গ্রহ এবং দু’টি ছায়াগ্রহ-সহ ন’টি গ্রহের প্রভাব সর্বাধিক। জন্মের সময় এই ন’টি গ্রহের অবস্থান, অবস্থান অনুযায়ী একের সঙ্গে অন্যের সম্পর্ক ইত্যাদি বিচার করে গ্রহ উচ্চস্থ, নীচস্থ, শুভ না অশুভ তা নির্ণয় করা হয়। শুভ গ্রহ শুভ এবং অশুভ গ্রহ অশুভ ফল দান করবে এটাই স্বাভাবিক। কিন্তু অশুভ গ্রহের অশুভ প্রভাব দানের পরিমাণ হ্রাস বা নাশ এবং শুভ গ্রহের শুভ ফলদানের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন প্রকার প্রতিকার পালন করা হয়।

জ্যোতিষশাস্ত্রের ন’টি গ্রহের সঙ্গে দশমহাবিদ্যার দশ দেবীর বিশেষ সম্পর্ক আছে। এক এক গ্রহ এক এক দেবীর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, কোনও নির্দিষ্ট গ্রহের সুফল প্রাপ্তির জন্য নির্দিষ্ট দেবীর আরাধনা করতে হয়। তবে দশমহাবিদ্যার সকল দেবীদের বাড়িতে পুজো করা যায় না। তাই পুজোর পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী বা পূজারির পরামর্শ নিতে হবে। দশমহাবিদ্যার নয় দেবী নয়টি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং এক দেবী লগ্নের সঙ্গে সম্পর্কিত।

সূর্য বা রবি– রবি বা সূর্যের সঙ্গে সম্পর্কিত দশমহাবিদ্যার দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গীর আরাধনায় অশুভ রবির ফল হ্রাস এবং শুভ রবির শুভ ফলদানের প্রভাব বৃদ্ধি সম্ভব।

চন্দ্র– চন্দ্রের সঙ্গে সম্পর্কিত দশমহাবিদ্যার দেবী ভুবনেশ্বরীর। দেবী ভুবনেশ্বরীর আরাধনায় চন্দ্রের সুফল প্রাপ্ত হয়।

বুধ– দশ মহাবিদ্যার দেবী ষোড়শীর আরাধনা বুধ গ্রহের সুফল দান করে।

শুক্র– দেবী কমলার আরাধনায় শুক্র গ্রহের সুফল প্রাপ্তি হয়।

মঙ্গল– দেবী বগলামুখী মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত। দেবী বগলার আরাধনা মঙ্গল গ্রহের সুফল দান করে।

বৃহস্পতি– দশমহাবিদ্যার দেবী তারার আরাধনায় দেবগুরু বৃহস্পতির সুফল প্রাপ্তি হয়।

শনি– দশমহাবিদ্যার প্রথম দেবী কালীর (দক্ষিণা কালী) আরাধনায় শনি গ্রহের সুফল প্রাপ্তি হয়।

রাহু– দেবী ছিন্নমস্তার আরাধনায় রাহুর সুফল প্রাপ্তি হয়।

কেতু– দশমহাবিদ্যার দেবী ধূমাবতীর আরাধনায় কেতুর সুফল প্রাপ্তি হয়।

দেবী ভৈরবী লগ্নের সঙ্গে সম্পর্কিত।

দশমহাবিদ্যার যে কোনও দেবীর পুজো-আরাধনার পূর্বে অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ জরুরি। গ্রহ শুভ বা অশুভ নির্ণয়ের জন্য এবং পুজোর পদ্ধতি ও পুজো সংক্রান্ত বাকি তথ্য গ্রহণের জন্য পণ্ডিত বা অভিজ্ঞ পূজারির সঙ্গে অবশ্যই পরামর্শ করা উচিত।

Astro Tips Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy