Advertisement
E-Paper

পাকিস্তানের সব ওয়েব সিরিজ়, সিনেমা, গান অবিলম্বে সরান, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ কেন্দ্রের, তালিকায় কী কী

পাকিস্তানে তৈরি যাবতীয় সিনেমা, গান, ওয়েব সিরিজ় ভারতীয় ওটিটি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৮:২৭
পাকিস্তানি সিনেমা বা গানকে ভারতের ওটিটি থেকে সরাতে বলেছে কেন্দ্র।

পাকিস্তানি সিনেমা বা গানকে ভারতের ওটিটি থেকে সরাতে বলেছে কেন্দ্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের যাবতীয় সিনেমা, গান, ওয়েব সিরিজ় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই মর্মে বিবৃতি জারি করেছে নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেখানে বলা হয়েছে, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। সাবস্ক্রিপশনের ভিত্তিতেও সেগুলি রাখা যাবে না। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার পরামর্শ দিয়েছে সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না-হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে তা মাথায় রাখতে হবে।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘ভারতে সংঘটিত অনেক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হল, তাতে অনেক ভারতীয় এবং এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল এবং প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’’

Advertisement

উল্লেখ্য, পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক চেয়ে বুধবার আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডস্ট্রিজ় লিমিটেড। তা ছাড়াও আরও ট্রেডমার্কের জন্য চারটি আবেদন জমা পড়ে সরকারের কাছে। প্রত্যেকেই জানিয়েছিলেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করছেন। তা নিয়ে বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে ওই আবেদন প্রত্যাহার করে রিলায়্যান্স। এর মাঝেই পাকিস্তানি সিনেমা বা ওয়েব সিরিজ় সরিয়ে নিতে বলল কেন্দ্র। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ-সহ একাধিক সমাজমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করা হয়েছে। সিনেমা এবং ক্রিকেট তারকাদের অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।

সংক্ষেপে
  • সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
  • সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
India Pakistan OTT platform Pakistan Information and Broadcast Ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy