Advertisement
E-Paper

‘নির্বাচনে আবার যদি কারচুপি হয়, বিহার তবে নেপাল হবে’, আরজেডি নেতার হুঁশিয়ারি! মামলা করল পুলিশ

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সুনীল হুমকি দেন, ভোটগণনাপর্বে কারচুপি হলে বিহার এ বার নেপালের মতো প্রচণ্ড গণআন্দোলনের পথে হাঁটবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬
বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ।

বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ।

ভোটগণনা শুরুর জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কিন্তু তার আগেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আঁচ। ‘সৌজন্যে’, প্রধান বিরোধী দল আরজেডির নেতা তথা বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সুনীল হুমকি দেন, ভোটগণনাপর্বে কারচুপি হলে বিহার এ বার নেপালের মতো প্রচণ্ড গণআন্দোলনের পথে হাঁটবে। তিনি বলেন, ‘‘২০২০ সালে চার ঘন্টার জন্য ভোটগণনা করে বন্ধ রাখা হয়েছিল। এবার তেমন হলে জনগণ রাস্তায় নেমে আসবে। আমরা নেপালে যে দৃশ্য দেখেছিলাম, সেই একই দৃশ্য দেখব। নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যে সরকার বিরোধী ঢেউ উঠেছিল, তার মতো পরিস্থিতি বিহারে তৈরি হবে। তা নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে যাবে।”

সেই সঙ্গে সুনীল হুঁশিয়ারি দেন, ক্ষমতাসীন এনডিএ যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে তার পরিণতি ভয়ঙ্কর হবে। সাংবাদিক বৈঠকের পরেই তৎপরতা শুরু করে পটনা পুলিশ। আরজেডি নেতার বিরুদ্ধে দায়ের হয় মামলা। সাইবার সেলের (পাটনা জেলা) ডিএসপি নীতিশচন্দ্র ধরিয়া বলেন, ‘‘আরজেডি নেতা সুনীল সিংহের মন্তব্য প্ররোচনামূলক এবং উত্তেজক। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’

সংক্ষেপে
  • ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
  • রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
RJD Bihar Bihar Assembly Election 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy