Advertisement
E-Paper

পাঁচ সেটের লড়াইয়ে উইম্বলডনের কোয়ার্টারে রুবলেভ, শেষ আটে উঠলেন সিনার, পেগুলাও

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। হারালেন আলেকজান্ডার বুবলিককে। অষ্টম বাছাই ইয়ানিক সিনার অনায়াসেই কোয়ার্টারে উঠে গেলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ২২:৪৩
wimbledon

জয়ের পর রুবলেভের হুঙ্কার। ছবি: রয়টার্স

অনায়াসে যে ম্যাচ জেতার কথা, সেই ম্যাচ গড়াল পাঁচ সেটে। চতুর্থ সেটে দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচাতে হল। শেষ মেশ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। ৭-৫, ৬-৩, ৬-৭, ৬-৭, ৬-৪ হারালেন আলেকজান্ডার বুবলিককে। অষ্টম বাছাই ইয়ানিক সিনার অনায়াসেই কোয়ার্টারে উঠে গেলেন। রুবলেভ কোয়ার্টারে খেলবেন নোভাক জোকোভিচ বনাম হুবার্ট হুরকাজ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

ম্যাচের বেশিরভাগ সময়েই নিয়ন্ত্রণ ছিল রুবলেভের। প্রথম দু’টি সেট খুব বেশি কষ্ট না করেই জিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেট থেকে শুরু হয় বুবলিকের ফিরে আসার লড়াই। রুবলেভ গোটা ম্যাচে ২০টি ‘এস’ মেরেছেন। বুবলিক ৩৯টি। দুই খেলোয়াড়ের শক্তির প্রদর্শন দেখা গেল উইম্বলডনের সেন্টার কোর্টে। কিন্তু দু’টি কারণে বুবলিককে হারতে হল। প্রথমত, ম্যাচে পাঁচটি ব্রেক পয়েন্ট পেলেও একটিও কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়ত, এমন সময় ‘ডাবল ফল্ট’ করেছেন, যা ক্ষতি করেছে তাঁর। ম্যাচে মোট ১৪টি ‘ডাবল ফল্ট’ করেন। তার মধ্যে প্রথম সেটে তাঁর টানা দু’টি ‘ডাবল ফল্ট’-এর কারণে সেট হাতছাড়া হয়। পঞ্চম সেটের অষ্টম গেমে ‘ডাবল ফল্ট’ করার কারণে রুবলেভ ৫-৩ এগিয়ে যান এবং ম্যাচ জিতে নেন। তা সত্ত্বেও দুই খেলোয়াড়ের লড়াই মন জিতে নিয়েছে সমর্থকদের। তিন ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ের শেষ পয়েন্টের পর দর্শকেরা দাঁড়িয়ে দুই খেলোয়াড়কেই হাততালিতে ভরিয়ে দেন।

পরে রুবলেভ বলেন, “প্রতিটা সেটে সুযোগ ছিল আমার কাছে। দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচালাম। এক বার তো দুশো কিলোমিটার বেগে সার্ভ করেছিল। মন শক্ত করে ভাবছিলাম, চেষ্টা করতেই হবে। তার পরে যা হওয়ার হবে।”

সিনার সরাসরি সেটে হারিয়েছেন ড্যানিয়েল এলাহি গালানকে। ফল ৭-৬, ৬-৪, ৬-৩। প্রথম সেটে পাঁচটি ব্রেক পয়েন্ট হারান সিনার। কিন্তু মাথা ঠান্ডা রেখে টাইব্রেকারে সেট বের করে নেন। দ্বিতীয় সেটে ২-৪ পিছিয়ে থাকার সময় টানা সাতটি গেম জেতেন। তৃতীয় সেটে প্রতিপক্ষকে সুযোগ দেননি। কোয়ার্টার ফাইনালে তিনি রোমান সাফিউল্লিনের বিরুদ্ধে খেলবেন।

কোয়ার্টারে পেগুলা

মহিলাদের বিভাগে কোয়ার্টারে উঠেছেন জেসিকা পেগুলা। চতুর্থ রাউন্ডে লেসিয়া সুরেঙ্কোকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। গত তিন বছরে এই নিয়ে ছ’বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারে উঠলেন তিনি। এ বার তাঁর সামনে মার্কেটা ভনড্রোউসোভা। ভিনাস ও সেরিনা উইলিয়ামস, ম্যাডিসন কিস এবং স্লোয়েন স্টিফেন্সের পর গত ২৫ বছরে পেগুলাই প্রথম আমেরিকার খেলোয়াড়, যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামেরই অন্তত কোয়ার্টার ফাইনালে উঠলেন।

ভারতীয়দের বিদায়

ভারতের ডাবলস জুটি ইউকি ভামব্রি এবং সাকেথ মাইনেনি হেরে গেলেন পুরুষদের ডাবলসে। তারা ৪-৬, ৬-৪, ৪-৬ হেরেছেন স্পেনের জুটি আলেসান্দ্রো ডেভিডোভিচ ফোরিনা এবং আদ্রিয়ান মানারিনো জুটির কাছে। অন্য দিকে, মিক্সড ডাবলসে রোহন বোপান্না এবং গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি জুটি ৭-৬, ৩-৬, ৪-৬ হেরেছেন ইভান ডডিজ-লাতিশা চান জুটির বিরুদ্ধে।

Wimbledon 2023 Andrey Rublev Jannik Sinner Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy