Advertisement
E-Paper

লখনউ ম্যাচেও অনিশ্চিত বরুণ, বল করতে পারেন গ্রিন, ইডেনে বৃহস্পতিবার কেকেআরের জোড়া চিন্তা শামি এবং বৃষ্টি

পড়ে পাওয়া চোদ্দো আনার মতো সোমবার পঞ্জাব কিংস ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে তারা। কিন্তু জিতে দু’পয়েন্ট আদায় করা এখনও হয়ে ওঠেনি কেকেআরের। বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে রয়েছে সেই সুযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
cricket

কেকেআর দল। ছবি: পিটিআই।

পড়ে পাওয়া চোদ্দো আনার মতো সোমবার পঞ্জাব কিংস ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে তারা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট তালিকার খাতা খুলেছে তাদের। কিন্তু তিনটি ম্যাচ কেটে গেলেও জিতে দু’পয়েন্ট আদায় করা এখনও হয়ে ওঠেনি কেকেআরের। বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে রয়েছে সেই সুযোগ। শাহরুখ খানের দল সেই সুযোগ কাজে লাগাতে পারে কি না সেটাই এখন দেখার।

কেকেআরের পক্ষে সবচেয়ে আশার কথা হল, বৃহস্পতিবার বল করতে পারেন ক্যামেরন গ্রিন। অজিঙ্ক রাহানের তোপ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই বিবৃতির পর ১০ দিন কেটেছে। অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছিল ১০-১২ দিনের মধ্যে বল করতে পারবেন গ্রিন। বুধবার নেটে আধ ঘণ্টা পুরোদমে বল করতে দেখা গেল গ্রিনকে। পঞ্জাব ম্যাচের আগেও তিনি বোলিং অনুশীলন করেছেন। ফলে সব ঠিকঠাক থাকলে তাঁকে বল করানো হতে পারে। তবে ব্যাটিংয়ে অনেক উন্নতি দরকার। তিনটি ম্যাচে মাত্র ২৪ রান করেছেন। আগের দিন তিনে তুলে আনা হলেও সাফল্য পাননি।

আরও একটি আশার কথা হল, সুনীল নারাইন সুস্থ হয়ে গিয়েছেন। যদিও নারাইনকে আদৌ খেলানো হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আগের ম্যাচে রভমান পাওয়েলকে খেলানো হয়েছিল। তিনি বল, ব্যাট কিছুই করার সুযোগ পাননি। শেষ দিকে ঝড় তোলার জন্য পাওয়েলকেই রেখে দেওয়া হতে পারে। বরুণ চক্রবর্তী সুস্থ নন। তাঁর জায়গায় নবদীপ সাইনিতেই আস্থা রাখা হবে, না কি বাড়তি স্পিনার হিসাবে দক্ষ কামরাকে আনা হবে, সেটাই দেখার। অনেকেই কামরাকে খেলানোর পক্ষে। কারণ কেকেআরের বোলিংয়ে পেসারদের আধিক্য লক্ষ করা যাচ্ছে। সেখানে অনুকূলের পাশে একজন স্পিনার থাকলে বিকল্প থাকবে।

Advertisement

ব্যাটিং বিভাগে বিশেষ বদলের সম্ভাবনা নেই। সেই রাহানে এবং ফিন অ্যালেনই ওপেন করবেন। গ্রিনকে আবারও তিনেই খেলানো হতে পারে। প্রশ্ন উঠছে রমনদীপ সিংহের জায়গা নিয়েও। তাঁকে বসিয়ে অন্য কোনও দেশীয় ক্রিকেটারকে কেন খেলাচ্ছে না কেকেআর তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞেরা। হাতে তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জনের মতো তরুণেরা বা মণীশ পাণ্ডে, রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞেরা রয়েছেন। তবু রমনদীপেই বার বার ভরসা রাখছে কেকেআর।

তবে কেকেআরের সামনে চিন্তা থাকছে মহম্মদ শামিকে নিয়ে। বাংলার হয়ে খেলার সুবাদে ইডেন তাঁর হাতের তালুর মতো চেনা। তা ছাড়া যে ভাবে আগের ম্যাচে তিনি হায়দরাবাদের ট্রেভিস হেড এবং অভিষেক শর্মাকে আউট করেছেন তা কেকেআর ওপেনারদের চিন্তায় রাখার পক্ষে যথেষ্ট। আগের দিন জেভিয়ার বার্টলেটের সুইং কেকেআরকে বিপদে ফেলেছিল। সেই একই রকম বল দেখা যেতে পারে শামির থেকেও। তিনি আরও বুদ্ধি কাজে লাগিয়ে বল করবেন। পাওয়ার প্লে-তে এমনিতেই শেষ দু’টি ম্যাচে বিপক্ষকে বিপদে ফেলেছে লখনউ। দিল্লি এবং হায়দরাবাদ, লখনউয়ের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে দু’টি দলেরই স্কোর ছিল ২৬/৪। কলকাতার ভঙ্গুর ব্যাটিং এই পরিসংখ্যানে ভয় পেতেই পারে।

দ্বিতীয় চিন্তা হল বৃষ্টি। গত রবিবার থেকে প্রতি দিন সন্ধ্যাতেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। সোমবারের ম্যাচ বাতিল ছাড়াও মঙ্গল এবং বুধবার কলকাতার অনুশীলন মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের মতে, বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ কমবে। তবে ম্যাচের মাঝে বৃষ্টি হলে তা কলকাতার কাছে আশীর্বাদ হবে না অভিশাপ তা সময়ই বলবে।

বৃহস্পতিবার কলকাতার প্রথম একাদশ হতে পারে এ রকম: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, অনুকূল রায়, বৈভব অরোরা, ব্লেসিং মুজ়ারাবানি এবং কার্তিক ত্যাগী।

KKR LSG Cameron Green Varun Chakravarthy Ajinkya Rahane Sunil Narine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy