Advertisement
E-Paper

বেঙ্গালুরুর কাছে হেরে হাতের বাইরে কেকেআরের প্লে-অফ ভাগ্য, বাকিদের কী হাল, সবচেয়ে বেশি সুযোগ কাদের

আইপিএলের প্লে-অফের লড়াই আরও জমে উঠেছে। এখনও খাতায়-কলমে আটটি দলের সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার। সবচেয়ে বেশি সুযোগ কাদের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:১২
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

সুযোগ কমছে কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে ওঠার সুযোগ আর নিজেদের হাতে নেই অজিঙ্ক রাহানেদের। বাকিদের দিকে তাকাতে হবে কেকেআরকে। এখনও খাতায়-কলমে আটটি দলের সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার। সবচেয়ে বেশি সুযোগ কাদের, খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম। শতাংশের বিচারে আট দলের প্লে-অফে ওঠার সুযোগ কতটা তা দেখা হয়েছে।

গুজরাত টাইটান্স (৯৯.৭%)

১২ ম্যাচে ১৬ পয়েন্ট (ম্যাচ বাকি— কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস)

গুজরাত এক পা প্লে-অফে দিয়ে দিয়েছে। পরের ম্যাচে কেকেআরকে হারাতে পারলেই প্লে-অফ পাকা হয়ে যাবে শুভমন গিলদের। দুই ম্যাচ জিতলে প্রথম দুই দলের মধ্যে শেষ করবে তারা। তবে দুই ম্যাচ হারলে ছিটকে পড়তে পারে তারা। কারণ, পাঁচটি দল ১৮ বা তার বেশি পয়েন্টে শেষ করতে পারে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৯৯%)

১২ ম্যাচে ১৬ পয়েন্ট (ম্যাচ বাকি— পঞ্জাব কিংস, সানরাইজ়ার্স হায়দরাবাদ)

বেঙ্গালুরুও এক পা দিয়ে দিয়েছে প্লে-অফে। তবে অন্তত একটি ম্যাচ তাদের জিততেই হবে। দু’টি জিতলে প্রথম দুই দলে শেষ করবেন বিরাট কোহলিরা। গুজরাতের মতোই অবস্থা বেঙ্গালুরুর। দু’টি ম্যাচ হারলে ছিটকেও যেতে পারে তারা। কারণ, পাঁচটি দল ১৮ বা তার বেশি পয়েন্টে শেষ করতে পারে।

সানরাইজ়ার্স হায়দরাবাদ (৭৭%)

১২ ম্যাচে ১৪ পয়েন্ট (ম্যাচ বাকি— চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৮। সে ক্ষেত্রে প্লে-অফে উঠবে হায়দরাবাদ। কিন্তু যদি একটি ম্যাচ তারা হারে তা হলে সমস্যায় পড়বে। হায়দরাবাদ চাইবে অন্তত চেন্নাইকে হারাতে। একমাত্র তা হলেই চেন্নাইয়ের পয়েন্ট তাদের কম হবে। তবে দু’টি ম্যাচই হারলে হায়দরাবাদের প্লে-অফে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে।

পঞ্জাব কিংস (৬৩.৬%)

১১ ম্যাচে ১৩ পয়েন্ট (ম্যাচ বাকি— মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টস)

তিনটি ম্যাচ জিতলে শ্রেয়স আয়ারদের পয়েন্ট হবে ১৯। সে ক্ষেত্রে পঞ্জাবের প্লে-অফ পাকা। শুধু তাই নয়, তিন ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকবে তারা। কিন্তু একটি ম্যাচ জিতলে সমস্যা হবে পঞ্জাবের। কারণ, চারটি দল ১৮ পয়েন্টে শেষ করতে পারে। সে ক্ষেত্রে ১৭ পয়েন্ট নিয়ে ছিটকে যেতে হবে তাদের।

চেন্নাই সুপার কিংস (৫৩.২%)

১১ ম্যাচে ১২ পয়েন্ট (ম্যাচ বাকি— লখনউ সুপার জায়ান্টস, সানরাইজ়ার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স)

তিনটি ম্যাচ জিতলে প্লে-অফ পাকা চেন্নাইয়ের। কিন্তু একটি ম্যাচ হারলেই সমস্যায় পড়বেন সঞ্জু স্যামসনেরা। হায়দরাবাদ ও গুজরাতের বিরুদ্ধে জিতলে সুবিধা হবে চেন্নাইয়ের।

রাজস্থান রয়্যালস (৫৩%)

১১ ম্যাচে ১২ পয়েন্ট (ম্যাচ বাকি— দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স)

চেন্নাইয়ের মতোই অবস্থা রাজস্থানের। তিনটি ম্যাচ জিতলে প্লে-অফ পাকা তাদের। কিন্তু একটি ম্যাচ হারলেই সমস্যায় পড়বেন রিয়ান পরাগেরা। যে তিন দলের বিরুদ্ধে তাদের খেলা, তাদের মধ্যে দু’টি দল প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে। তৃতীয় দলও বিদায়ের মুখে। ফলে প্লে-অফের দৌড়ে থাকা দলগুলিকে হারানোর সুযোগ নেই রাজস্থানের।

দিল্লি ক্যাপিটালস (২.৭%)

১২ ম্যাচে ১০ পয়েন্ট (ম্যাচ বাকি— রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স)

দুই ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট হবে দিল্লির। তার পরেও অনেকটা পিছিয়ে থাকবে তারা। তাদের প্রার্থনা করতে হবে, গুজরাত ও বেঙ্গালুরু তাদের সব ম্যাচ জিতুক। একমাত্র তা হলেই কিছুটা সুযোগ থাকবে দিল্লির।

কলকাতা নাইট রাইডার্স (২.৬%)

১১ ম্যাচে ৯ পয়েন্ট (ম্যাচ বাকি— গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস)

তিন ম্যাচ জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। কিন্তু ছ’টি দলের সুযোগ রয়েছে ১৬ পয়েন্টে যাওয়ার। ফলে দিল্লির মতো তাদেরও প্রার্থনা করতে হবে গুজরাত ও বেঙ্গালুরু তাদের সব ম্যাচ জিতুক। একমাত্র তা হলেই কিছুটা সুযোগ থাকবে অজিঙ্ক রাহানেদের।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
KKR RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy