Advertisement
E-Paper

৬০ হাজার বিনিয়োগে মাসে সাড়ে ১৪ লক্ষ টাকা আয়! কী ভাবে সম্ভব? সমাজমাধ্যমে রহস্য ফাঁস করলেন তরুণ

এক্সের পোস্টে স্টক মার্কেট বিনিয়োগকারী জানিয়েছেন, তাঁর এক আত্মীয় কী ভাবে ৬০ হাজার টাকা বিনিয়োগ করে কোটিপতি হয়ে গিয়েছেন। পোস্টটি নেটাগরিকদের নজরে পড়তই বিনিয়োগের পদ্ধতি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:০০

—প্রতীকী ছবি।

৩৬ বছর আগে ৬০ হাজার টাকায় চার একর জমি কিনেছিলেন এক ব্যক্তি। সেই জমির দৌলতে কোটিপতি নামের তকমা জুড়ল তাঁর নামের পাশে। সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে তার সেই চার একর জমির অর্ধেক বিক্রি করলেন ২৫ কোটি টাকায়। আধুনিক বিনিয়োগ পদ্ধতির বিপরীতে যে চিরাচরিত বিনিয়োগ পদ্ধতিতে বেশি লাভ সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন এক এক্স ব্যবহারকারী। তিনি একটি পোস্টে জানিয়েছেন, তাঁর কাকা কয়েক হাজার টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

পোস্টে স্টক মার্কেট বিনিয়োগকারী স্বপ্নিল কোম্মার নামের ওই তরুণ জানিয়েছেন, তাঁর কাকা ৬০ হাজার টাকা দিয়ে চার একর জমি কিনেছিলেন। এলাকাটি প্রথমে ততটা উন্নত ছিল না। পরে সেটি একটি জেলায় পরিণত হয়। ফলে সেখানে জমির দাম চড়চড় করে বাড়তে শুরু করে। একটি রিটেল সংস্থা তাঁর কাকাকে জমিটি বিক্রি করার প্রস্তাব দেয়। স্বপ্নিলের কাকা তাঁর চার একর জমি থেকে দুই একর জমি ২৫ কোটি টাকায় বিক্রি করে দেন বলে জানিয়েছেন পোস্টদাতা। অর্ধেক জমির মালিকানা হাতে থাকার সঙ্গে সঙ্গে তিনি জমি বিক্রির টাকার দরুন মাসে সাড়ে ১৪ লক্ষ টাকার সুদ পান।

পোস্টটি প্রকাশ্যে আসার পর জমিতে বিনিয়োগের সুফল দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। সাড়ে পাঁচ হাজার লাইক পড়েছে তাতে। জমির মালিকের ধৈর্যের প্রশংসাও করেছেন অনেকে। কয়েক দশক ধরে সঠিক পরিকল্পনা করে সম্পদ ধরে রাখার সুফল নিয়ে আলোচনাও করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘৬০,০০০ টাকা থেকে ২৫ কোটি টাকায় পৌঁছোনো অবিশ্বাস্য এক যাত্রা!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সব জমির মূল্য যে একই হবে এমন কোনও নিশ্চয়তা নেই। এটা এলাকা এবং ভাগ্যের উপর নির্ভর করে।’’

Investment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy