Advertisement
E-Paper

কামরায় বাঁধা পোলভল্টের খুঁটির দড়ি কেটে দেওয়ার অভিযোগ, ১২ ঘণ্টা স্টেশনে আটকে স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ!

পোলগুলো লম্বা ও অনমনীয় হওয়ায় সেগুলো কোচের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কবিনরাজাদের সেই পোল বা খুঁটিগুলি যে দড়িতে বেঁধে রাখা হয়েছিল তা কেটে ফেলা হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৪৮

ট্রেনে করে ফিরছিলেন স্বর্ণপদকজয়ী পোল ভল্ট খেলোয়াড় কবিনরাজা এস। সঙ্গে ছিল তাঁর খেলার সরঞ্জাম। কামরায় থিকথিকে ভিড়। ফলে লম্বা পোলগুলি রেলের কোচের ভিতরে বহন করা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না দেখে তিনি সেগুলি কামরার জানলার সঙ্গে বেঁধে দেন। যাত্রার মাঝপথে পোলের সঙ্গে বাঁধা দড়িগুলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে চেন টেনে থামাতে হয় ট্রেনটি। মাঝপথে নেমে পড়তে হয় কবিনরাজাকে। প্রায় ১২ ঘণ্টা ধরে রাজামুন্দ্রি স্টেশনে খেলার সরঞ্জামগুলি পাহারা দিতে হয় তাঁকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ভারতের উদীয়মান পোল ভল্ট খেলোয়াড় ২০২৫ সালের অনূর্ধ্ব-২০ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন কবিনরাজা এস ভুবনেশ্বরে প্রতিযোগিতা সেরে ফিরছিলেন তামিলনাড়ুতে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের কামরার ভিতরে জায়গা না পেয়ে তিনি ও তাঁর সহ-ক্রীড়াবিদরা তাঁদের পোল ভল্টের সরঞ্জাম বাইরে জানলার কাছে বাঁধতে বাধ্য হন। পোলগুলো লম্বা ও অনমনীয় হওয়ায় সেগুলো কোচের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। যাত্রার শুরুতে রেলকর্মীদের পক্ষ থেকে কোনও আপত্তি জানানো হয়নি। মাঝপথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলন্ত ট্রেন থেকে পোল বা খুঁটিগুলি যে দড়িতে বেঁধে রাখা হয়েছিল তা কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। সতর্ক ক্রীড়াবিদেরা তাঁদের খেলার সরঞ্জামগুলিকে রক্ষা করতে চেন টেনে ট্রেনটি থামাতে বাধ্য হন। এর পরের কয়েক ঘণ্টা কবিনরাজার সঙ্গে যা ঘটেছিল তা এক প্রকার দুঃস্বপ্নই বলা চলে। তাঁদের যাত্রায় এক দিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হয়, তেমনই বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাহারা দিতে গিয়ে দীর্ঘ ক্ষণ স্টেশনে আটকে পড়েন কবিনরাজারা।

এই সংক্রান্ত একটি ভিডিয়ো ‘এনএনআইএস_স্পোর্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ঘটনাটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। স্বর্ণপদকজয়ী এক জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে কেমন করে এমন পরিস্থিতির মধ্যে ফেলে রাখা হল সেই নিয়ে তুমুল সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ।

Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy