Advertisement
E-Paper

ভাইরাল সেই পাঞ্চকে দেখতে ‘সেজেগুজে’ খাঁচায় ঢুকলেন তরুণ, ভিডিয়ো করলেন বন্ধু! দু’জনেরই ঠিকানা হল শ্রীঘরে

আমেরিকা থেকে আসা দুই পর্যটকের একজন মজার পোশাক পরে প্রবেশ করেন পাঞ্চদের খাঁচায়। অপর জন বাইরে দাঁড়িয়ে তা ভিডিয়ো করেন। অগত্যা তাঁদের পুলিশের হাতে ধরা পড়তে হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:৪৭
punch

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার পাঞ্চ-কুনকে চেনেন না এমন লোক মনে হয় হাতেগোনা কয়েক জনই রয়েছেন। বিশ্ব জুড়ে এই ম্যাকাক প্রজাতির খুদে বাঁদর পাঞ্চ নামেই খ্যাত। জন্মের পরে মায়ের ভালবাসা না পেলেও পৃথিবী জুড়ে মানুষের মন জয় করেছিল সে। সমাজমাধ্যমে তাকে ঘিরে হইহই পড়ে গিয়েছিল। তাঁর একাকিত্ব যেমন নেটাগরিকদের মনে কষ্ট দিয়েছিল, তেমনই তার বন্ধু খুঁজে পাওয়ায় খুশিও হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তার এই জনপ্রিয়তা জাপানের সেই চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া দুই পর্যটককে জেলে ঢুকিয়ে ছাড়ল। যদিও তাতে পাঞ্চের কোনও দোষ নেই। সেই দুই পর্যটকের একজন মজার পোশাক পরে প্রবেশ করেন পাঞ্চদের খাঁচায়। অপর জন বাইরে দাঁড়িয়ে তা ভিডিয়ো করেন। অগত্যা তাঁদের পুলিশের হাতে ধরা পড়তে হয়। সেই ঘটনার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যয়মের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুদূর আমেরিকা থেকে আসা ২৪ বছর বয়সি রাইড জাহনাই ডেসান মজার পোশাক পরে খাঁচায় প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন ২৭ বছর বয়সি নিল জাবহারি ডুয়ান। তিনি খাঁচার বাইরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন। সেই প্রতিবেদন থেকে জানতে পারা গিয়েছে যে, খাঁচার বাইরে থাকা তারের জাল টপকে ডেসান পাঞ্চের খাঁচার ভিতর প্রবেশ করেন। তাঁদের দু’জনকেই টোকিয়োর উপশহর চিবার পুলিশ আটক করেছে। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানতে পারা গিয়েছে। কোনও বাঁদর এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভাইরাল এক ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার ধারে লাগানো লোহার রেলিং টপকে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। পরনে তাঁর নীল রঙের স্যুট-প্যান্টের সেট। মাথায় লাগানো এক হাসিমুখ ইমোজির মুখোশ। তরুণ সেখান থেকে লাফিয়ে খাঁচার মধ্যে নামলেন। মুখোশটি খুলে গেল। তিনি আবার সেটি তুলে নিয়ে পরে নিলেন। তরুণের হঠাৎ আগমনে খুশি হয়নি বাঁদরদল। তারা সকলে পালাতে লাগল। খাঁচার ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা গেল। কিন্তু তরুণ তা-ও দাঁড়িয়ে রইলেন। খাঁচার ভিতর হাঁটাহাঁটি শুরু করলেন। তাঁকে দেখে বাঁদরদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেল। সেই তরুণের হাতে তাঁর সজ্জার হুবহু ধাঁচে সাজানো একটি সফট টয় দেখতে পাওয়া গেল। হয়তো পছন্দের পাঞ্চের জন্য তিনি সেটি এনেছেন।

ভাইরাল অপর এক ভিডিয়োয় দেখা গেল, চিড়িয়াখানার এক কর্মী রাগের সঙ্গে খাঁচার ভিতর ঘুরে বেড়ানো তরুণকে বার করলেন। সঙ্গে আনা সফট টয়টিও তিনি সঙ্গে নিয়ে গেলেন।

‘এক্স অ্যালার্টস’ এবং ‘পাঞ্চ’ নামের দুই এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো দু’টি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দু’টি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে বহু নেটাগরিক ভিডিয়ো দু’টি দেখে ফেলেছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে পোস্ট দু’টির মন্তব্যবাক্স।

Viral Video Viral Story Punch Japan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy