Advertisement
E-Paper

গাড়িতে বসে শিকারি প্রজাতির কুকুরকে উত্ত্যক্ত করার চেষ্টা তরুণের, তেড়ে গিয়ে জানলায় চড়ল ক্ষিপ্ত সারমেয় যুগল! তার পর?

গাড়ির পাশ থেকে এক ব্যক্তি দু’টি কেন করসো প্রজাতির কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের দেখে গাড়িতে বসা তরুণ জানলার কাচ নামিয়ে বিদঘুটে আওয়াজ করে উঠলেন। শিকারি প্রজাতির কুকুর দু’টির সে আওয়াজ পছন্দ হল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৩:১৫
cane corso

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকালের ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে গাড়ির দল। রাস্তার এক কোনায় চারচাকা পার্ক করে দাঁড়িয়েছিলেন এক তরুণ। সেই গাড়ির পাশ থেকে এক ব্যক্তি দু’টি কেন করসো প্রজাতির কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের দেখে গাড়িতে বসা তরুণ জানলার কাচ নামিয়ে বিদঘুটে আওয়াজ করে উঠলেন। শিকারি প্রজাতির কুকুর দু’টির সে আওয়াজ পছন্দ হল না। গাড়ির দিকে তেড়ে এল তারা। ভয়ে তরুণের প্রাণ প্রায় খাঁচাছাড়া হয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি চারচাকা। সেটি সামনে দু’টি কেন করসো প্রজাতির কুকুর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। সারমেয় দু’টির চেহারা দেখলে ভয় পাওয়া ছাড়া উপায় নেই। তাদের মুখেও রয়েছে গাম্ভীর্যের ছোঁয়া। দেখে মনে হচ্ছে তেড়িবেড়ি করলেই এসে কামড়ে দেবে। এই ব্যক্তি কুকুর দু’টিকে নিয়ে হাঁটা শুরু করলেন। গাড়ির চালকের আসনে বসে থাকা তরুণের সারমেয় যুগলকে দেখে উত্যক্ত করার ইচ্ছা জাগল। গাড়ির জানলার কাচ নামিয়ে কুকুর দু’টির উদ্দেশে বিকট আওয়াজ করলেন তিনি। কেন করসো দু’টির সে আওয়াজ মোটেই পছন্দ হল না। তারা ক্ষিপ্ততার সঙ্গে তেড়ে গেল গাড়িটির দিকে। লাফিয়ে গাড়ির জানলায় উঠে পড়ল। সামনের পা দু’টি গাড়ির জানলার কাচের কাছটায় রেখে দাঁড়িয়ে থাকল তাদের মধ্যে একজন। তরুণ ভয়ে কেঁপে উঠলেন। তাঁর অবস্থা দেখে কুকুর নিয়ে বেরোনো ব্যক্তি হেসে উঠলেন। গাড়ির ভিতর তরুণের পাশে হয়তো কোনও মেয়ে বসে ছিলেন। তাঁর হাসির আওয়াজও ভিডিয়োয় শোনা গেল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘হাসনাজ়ারুরিহে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২০ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় দেড় হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা প্রকারের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। কিছু নেটাগরিক এই হিংস্র প্রজাতির কুকুরদের মুখে জাল না লাগিয়ে রাস্তায় বার করার তীব্র বিরোধিতা করেছেন। ভিডিয়োটির ক্যাপশনে কুকুরগুলিকে পিটবুল বলে দাবি করা হয়েছে। বহু নেটাগরিক পোস্টকর্তার সেই ভুলও শুধরে দিয়েছেন।

Viral Video Viral Story animal video Funny Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy