Advertisement
E-Paper

নেপালের রাস্তায় গুটখার পিক ফেলে বিপাকে ভারতীয় তরুণ! পরিষ্কার করতে বাধ্য করলেন স্থানীয় তরুণ, উগরে দিলেন ক্ষোভ

চারচাকা থেকে রাস্তায় গুটখার পিক ফেলেছিলেন তাঁদের মধ্যে এক জন। তার পরই শুরু হয় গন্ডগোল। এক স্থানীয় তরুণ তাঁদের এই কাজের বিরুদ্ধে সরব হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৩৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতের বহু জায়গায়ই রাস্তাঘাটে থুতু, পান বা গুটখার পিক ফেলা কোনও বড় ব্যাপার নয়। সেটি দেখতে কতটা দৃষ্টিকটু লাগে তার ধার বেশির ভাগ মানুষই ধারেন না। বাইরে কোথাও ঘুরতে গেলেও যত্রতত্র থুতু ফেলার সেই অভ্যাস রয়েই যায়। আর সেই অভ্যাসের জন্যই সুদূর নেপালে গিয়ে কথা শুনতে হল দুই ভারতীয় তরুণকে। চারচাকা থেকে রাস্তায় গুটখার পিক ফেলেছিলেন তাঁদের মধ্যে এক জন। তার পরই শুরু হয় গন্ডগোল। এক স্থানীয় তরুণ তাঁদের এই কাজের বিরুদ্ধে সরব হন। মুখের উপর বলে দেন যে এটা ভারত নয়, নেপালে রাস্তার উপর যেখানে-সেখানে গুটখার পিক ফেলা চলবে না। ভারতীয় তরুণদের রাস্তা ধুতেও বাধ্য করেন স্থানীয় তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় বলতে দেখা গিয়েছে, ‘‘এটা ভারত নয়, এটা নেপাল, এইখানে রাস্তায় গুটখার পিক ফেলা যাবে না। জল ঢেলে পরিষ্কার করুন এক্ষুনি।” ভাইরাল ভিডিয়োর শুরুতেই শোনা গেল এই শব্দগুলি। স্থানীয় এক তরুণ ভাঙা ভাঙা হিন্দিতে দুই ভারতীয় তরুণের বিরুদ্ধে উগরে দিচ্ছেন রাগ। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সাদা একটা চারচাকা। সেটির পাশে মাথা নীচু করে দাঁড়িয়ে রয়েছেন দুই ভারতীয় তরুণ। এক জনের হাতে জলের বোতল। তিনি হাতে থাকা বোতল দিয়ে রাস্তায় জল ঢেলে গুটখার পিক পরিষ্কার করার চেষ্টা করছেন। অপর ভারতীয় তরুণ স্থানীয় তরুণের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। তিনি ক্ষমাপ্রার্থনাও করছেন। কিন্তু স্থানীয় তরুণ সে সব শুনতে নারাজ। তাঁর মতে, ভারতের মতো বড় দেশ থেকে নেপালে এসে ঝামেলা করেন। নেপালকে নোংরা করে চলে যান তাঁরা। সে সব শুনে হাতে জলের বোতল থাকা তরুণ জল ঢালা বন্ধ করে এগিয়ে এসে মাথা নীচু করে দাঁড়ালেন। কিন্তু স্থানীয় তরুণ তাঁকে পুনরায় জায়গাটি পরিষ্কার করার আদেশ দিলেন, বললেন আরও জল ঢালতে। আবার রাস্তা পরিষ্কারের কাজে মন দিলেন ভারতীয় তরুণ। নিজেদের বাঁচাতে কিছু বলতেও পারলেন না তাঁরা। নতিস্বীকার করে নিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিখিল সাইনি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। দেড় হাজারের কাছাকাছি মানুষ ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা দুই ভারতীয় তরুণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “গুটখাখোরদের জন্য একটা আলাদা দেশ তৈরি করা উচিত।” অন্য এক জন মন্তব্য করেছেন, “এই ধরনের লোকেরা বিদেশে ভারতের ভাবমূর্তি এবং ভারতীয়দের নাম খারাপ করেন।”

Advertisement
Viral Video Nepal Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy