রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও সম্পত্তির হদিস পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই কেলেঙ্কারিতে ইমন গঙ্গোপাধ্যায়ের ১ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত হুগলির প্রোমোটার অয়ন শীলের পুত্র অভিষেকের পরিচিত ইমন।
কয়েক দিন আগেই ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) ইমনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। ওই জিজ্ঞাসাবাদের সময়ই ইমনের সম্পত্তি সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, ওই টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন অয়ন। যদিও এই সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ইমন।
আরও পড়ুন:
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ১৯ মার্চ অয়নকে গ্রেফতার করা হয়। তার পর তাঁর বেশ কয়েক জন ‘ঘনিষ্ঠ’-এর ভূমিকা তদন্তকারীদের আতশকাচের তলায় আসে। এর পরই অয়নের পুত্র অভিষেকের ভূমিকাও নজরে আসে তদন্তকারীদের। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি। শুধু তাই নয়, কলকাতায় বন্ডেল রোডের উপরে অভিষেক এবং ইমন যৌথ মালিকানায় একটি ফার্ম খুলেছিলেন। তার নাম দিয়েছিলেন ‘ফসিল্স’।
ওই সব সম্পত্তি কেনার নেপথ্যে অয়নের দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও ইডির নজরে রয়েছে। বিভাস এক সময় পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের যুগ্ম অধিকর্তা ছিলেন। যদিও সরাসরি তাঁর দুর্নীতিতে যোগ থাকা নিয়ে কোনও মন্তব্য করেননি তদন্তকারীরা। এই আবহে এ বার ইমনের সম্পত্তির হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।