চলছে ভালবাসার সপ্তাহ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু হয় ভালবাসা উদ্যাপন করা। রোজ় ডে, প্রোপোজ় ডে প্রভৃতি একে একে যাওয়ার পর আসে সেই বিশেষ প্রতীক্ষিত দিন, ভ্যালেন্টাইন্স ডে। সারা বছর যতই সময় কাটানো হোক, ভ্যালেন্টাইন্স ডে ঘিরে প্রায় সমস্ত কপোত-কপোতীর মনেই একটা আলাদা উৎসাহ কাজ করে। বিশেষ এই দিনে পছন্দের মানুষটির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর বাসনা প্রায় সকলেরই থাকে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সকলের জন্য সমান নয়। বহু মানুষের মনেই এই দিন ভিড় করে আসে বিষণ্ণতার ছায়া। কারও ফেলে আসা প্রেম উঁকি মারে, কেউ আবার পছন্দের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন না। পাছে যদি সে রাগ করে, সেই ভয়ে। তবে শাস্ত্রের সাহায্যে জেনে নেওয়া যেতে পারে এই বছর প্রেম দিবস কার কেমন কাটবে। রাশি মিলিয়ে দেখে নিন, ভ্যালেন্টাইন্স ডে আপনার জন্য কী নিয়ে আসছে।
আরও পড়ুন:
প্রেম দিবস কোন রাশির কেমন কাটবে?
মেষ: সঙ্গীর সঙ্গে খুব সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। রোমাঞ্চকর কিছু করার ইচ্ছা জাগবে, যাতে দু’জনেই আনন্দ পাবেন। যে সকল মেষ রাশির জাতক-জাতিকা একা রয়েছেন, তাঁরা পছন্দের মানুষকে মনের কথা বলে দিতে পারেন। ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ: বৃষ জাতক-জাতিকারা প্রেম দিবসে সঙ্গীর আরও কাছে আসতে পারবেন। পুরনো সমস্যা ভুলে গিয়ে নতুনের দিকে এগিয়ে যাবেন। ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পাবেন। একা থাকা বৃষ রাশির ব্যক্তিরা পছন্দের মানুষ হয়তো খুঁজে পাবেন না, তবে নতুন মানুষদের সঙ্গে কথা বলা শুরু করতে পারেন। ভবিষ্যতে তাঁদের কেউ আপনার কাছে বিশেষ এক জন হয়ে উঠতে পারেন।
মিথুন: মনের মানুষের সঙ্গে হাসিঠাট্টা, গল্পের মাধ্যমে মিথুন জাতক-জাতিকাদের প্রেম দিবস কাটবে। সঙ্গী নিজে সেধে এমন কোনও বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন যার ফলে আপনি আনন্দিত হবেন। একাকিত্বে ভোগা মিথুন রাশির ব্যক্তিরা এমন কারও সন্ধান পেতে পারেন যে ভবিষ্যতে আপনার কাছের হয়ে উঠবেন।
আরও পড়ুন:
কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির জাতক-জাতিকাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে’র গুরুত্ব বিশেষ। প্রেমে প্রতারিত হওয়া কর্কট ব্যক্তিদের প্রাক্তনের কথা মনে পড়বে। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলির কথা ভেবেই দিনটি কাটবে। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে এই দিন পুরনো ঝামেলার কথা টেনে না আনাই ভাল হবে, না হলে সুন্দর সময় অশান্তিতে বদলে যেতে পারে।
সিংহ: একাকী সিংহ জাতক-জাতিকাদের জীবনে প্রেম দিবসে প্রেমের হাওয়া লাগতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য দিকে যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের ভালবাসার গভীরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর কোনও আচরণ আপনার তাঁর প্রতি ভালবাসা বাড়িয়ে তুলবে।
কন্যা: সিঙ্গল কন্যা রাশির জাতক-জাতিকারা এই বছর প্রেম দিবসে নিজেকে ভালবাসার বিষয়ে গুরুত্ব দেবেন। আপনারা নিজের সঙ্গে সময় কাটিয়েই সুখ খুঁজে পাবেন। সম্পর্কে থাকা কন্যা রাশির ব্যক্তির সঙ্গীর সঙ্গে নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে। সেটি নিখুঁত হচ্ছে কি না, সে বিষয়েও আপনারা বিশেষ গুরুত্ব দেবেন না। একে অপরের উপস্থিতিতেই আনন্দ খুঁজে পাবেন।
আরও পড়ুন:
তুলা: এই বছর ভ্যালেন্টাইন্স ডে-তে সম্পর্কের মারপ্যাঁচ থেকে মুক্তি পাবেন তুলা জাতক-জাতিকারা। দিনটি ছিমছাম ভাবেই কাটবে। তবে শান্তিতে থাকবেন। সঙ্গীর উপস্থিতিই সবচেয়ে আনন্দের বলে মনে হবে। সিঙ্গেলদের জন্য দিনটি একটু দুঃখের হতে পারে। প্রাক্তনের স্মৃতি মনের কোণে উঁকি দেবে।
বৃশ্চিক: সঙ্গী আবেগ প্রকাশে সংশয় দেখানোয় বৃশ্চিক জাতক-জাতিকাদের দিনটি একটু টানাপড়েনের মধ্যে কাটতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে আপনাদের উপর। একা থাকা বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই দিন হুট করেই কারও প্রেমে পড়ে যেতে পারেন। কারও প্রতি প্রবল আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা সম্পর্ক নিয়ে আশাবাদী থাকবেন। সঙ্গী আপনার মনের কথা বুঝবে। এর ফলে বন্ধন আরও দৃঢ় হবে। অন্য দিকে একা থাকা ধনু জাতক-জাতিকারা একাকিত্বেই সুখ খুঁজে পাবেন। সম্পর্কের দিকে পা বাড়ানোর ইচ্ছা জাগবে না।
আরও পড়ুন:
মকর: এই বছর ভ্যালেন্টাইন্স ডে-তে মকর রাশির জাতক-জাতিকারা সম্পর্কে স্থিরতা লাভ করবেন। সঙ্গী আপনাদের এমন কোনও কথা বলতে পারেন, যা আপনি বহু দিন ধরে শোনার জন্য মুখিয়ে ছিলেন। অন্য দিকে সিঙ্গল মকর রাশির ব্যক্তিরা নিজের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
কুম্ভ: সিঙ্গল কুম্ভ জাতক-জাতিকারা এই বছর প্রেম দিবসে এমন কারও সঙ্গে কথা বলার সুযোগ পাবেন যা আপনাদের মনে আনন্দ সৃষ্টি করবে। সম্পর্কে থাকা কুম্ভ রাশির ব্যক্তিদের সঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে মাথা ঠান্ডা রেখে চললে ঝামেলা এড়ানো সম্ভব।
মীন: মীন জাতক-জাতিকারা সঙ্গীর সঙ্গে মনোমতো সময় কাটানোর সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে আপনার আবেগের গ্রাফ মিলে যাবে। সিঙ্গলেরা চাইলে পছন্দের মানুষকে মনের কথা বলতে পারেন। উত্তর ইতিবাচক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।