Advertisement
E-Paper

পড়ুয়াদের জানলা থেকে ফেলে দেওয়ার হুমকি, কঞ্চি দিয়ে বেধড়ক মারধর! শিক্ষকের কীর্তি দেখে গর্জে উঠল নেটপাড়া

ছাত্র-ছাত্রীদের দুষ্টুমি মেনে নিতে পারলেন না প্রৌঢ় শিক্ষক। বেঞ্চ থেকে তুলে এনে বেধড়ক মারলেন। অসমের চারাইদেও জেলার মথুরাপুর বাগিচা প্রাথমিক বিদ্যালয়ের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শ্রেণিকক্ষে দুষ্টুমি করছিল ছোট্ট ছেলেমেয়েরা। তা মেনে নিতে পারলেন না প্রৌঢ় শিক্ষক। বেঞ্চ থেকে তুলে এনে বেধড়ক মারলেন। অসমের চারাইদেও জেলার মথুরাপুর বাগিচা প্রাথমিক বিদ্যালয়ের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, যা ক্ষোভ সৃষ্টি করেছে নেটাগরিকদের মনে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খবর, ৫১ বছরের সেই শিক্ষক মথুরাপুরের তিনিয়ালিতে থাকেন। শ্রেণিকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বাচ্চাদের উপর করা তাঁর এই অত্যাচারের নিদর্শন। সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের বাইরে জমায়েত করেন অভিভাবক-অভিভাবিকারা। অসম টি ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তাঁরা ছাত্র-ছাত্রীর সুরক্ষাব্যবস্থা দৃঢ় করার লক্ষ্যে জেলা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান। মথুরাপুর বাগিচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক-সহ বাকিরা অসম পুলিশের কাছে সেই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে রাখা হয়েছে। শিশু সুরক্ষা ও নির্যাতন সম্পর্কিত প্রাসঙ্গিক বিধানে আইনি কার্যক্রম শুরু করেছেন তাঁরা।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্রেণিকক্ষের ধারে থাকা বেঞ্চ থেকে এক নাবালিকাকে হাত টেনে তুলে কঞ্চি দিয়ে মারছেন শিক্ষক। একের পর এক কঞ্চির বাড়ি নাবালিকার স্কার্টের উপর দিয়ে চলেছেন তিনি। অসহায় নাবালিক চুপ করে দাঁড়িয়ে স্যরের হাতের মার খাচ্ছে। তার পরেই আবার সেই শিক্ষক নিজের জায়গা থেকে উঠে গিয়ে প্রথম বেঞ্চে বসে থাকা এক কিশোরকে কোলে করে তুলে আনলেন। তার পর তাকে জানলার কাছে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেওয়ার হুমকি দিলেন। সেই কিশোর তার ভুলের দোষ চাপাল তার পাশে বসা কিশোরীর উপর। রাগী শিক্ষক তখন তাকেও বেঞ্চ থেকে তুলে এনে বেধড়ক মারলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘প্রণব শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। ক্ষোভপূর্ণ মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটির মন্তব্যবাক্স। বাচ্চাদের এমন নির্মম ভাবে মারার বিষয়টি নেটাগরিকেরাও অনুচিত বলে মনে করছেন।

Viral Video Viral Story Assam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy