প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন কয়েক জন যাত্রী। এক তরুণ হাতে রুমাল নিয়ে সেই যাত্রীদের দিকে এগিয়ে গেলেন। ট্রেন কখন আসবে তা জানতে চেয়ে যাত্রীদের সঙ্গে ভাব জমাচ্ছিলেন তিনি। হঠাৎ হাতের রুমালটি অপেক্ষারত যাত্রীদের মুখে চেপে দেওয়ার জন্য উদ্যত হলেন। তরুণের কাণ্ড দেখে ভয় পেয়ে দৌড়োতে শুরু করলেন অনেকে। এক জন আবার প্ল্যাটফর্ম থেকে রেললাইনে লাফিয়ে পড়ে পালিয়ে গেলেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন অন্য এক তরুণ। দেখা গেল, হাতে রুমাল ধরা তরুণটি হাসাহাসি করছেন। আসলে, যাত্রীদের অপহরণ করার ভয় দেখিয়ে মজার ভিডিয়ো রেকর্ড করতে চাইছিলেন দু’জনে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অনেকে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বিহার রেল ইউজ়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের এক তরুণ প্রশ্ন করছেন, ট্রেন কখন আসবে। কিছু ক্ষণ পরে হাতে রুমাল নিয়ে যাত্রীদের পিছনে দৌড়োতে শুরু করলেন তিনি। তরুণের এমন হাবভাব যেন রুমালে ক্লোরোফর্ম দিয়ে রেখেছেন।
মুখে রুমাল চেপে অচেতন করে অপহরণ করতে চান তিনি। যাত্রীদের সেই ভয় দেখালে অনেকেই প্ল্যাটফর্ম ছেড়ে পালাতে শুরু করেন। তরুণও হাতে রুমাল নিয়ে তাঁদের তাড়া করেন। এই ঘটনাটি বিহারের ভাগলপুরের অম্মাপল্লী হল্ট স্টেশনে ঘটেছে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে তা রেল কর্তৃপক্ষের নজর কাড়ে। এই ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।