Advertisement
E-Paper

ভোটকেন্দ্রে দেখা মিলল রোবটের, ফুল দিয়ে ভোটারদের স্বাগত জানাল শাড়ি পরা যন্ত্রমানবী! পুদুচেরির ভিডিয়ো ভাইরাল

পুদুচেরির ভিওসি সরকারি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে দেখা মিলল শাড়ি পরা রোবটের। ভোটারদের তার আপ্যায়ন করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:২৮
robot

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সবুজ পাড়ের ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের রোবট। হাতে ধরা একটি ট্রে। সেই ট্রের মধ্যে রাখা ফুল। ভোট দিতে আসা জনগণকে স্বাগত জানানোই তার কাজ। বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ছিল বিধানসভা ভোট। পুদুচেরির ভিওসি সরকারি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে দেখা মিলল এই রোবটের। ভোটারদের দিকে এগিয়ে এসে আপ্যায়ন করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের একটি রোবট। নাম তার ‘নীলা’। সেটির হাতে ধরা রয়েছে একটি ট্রে। ট্রেতে রয়েছে অসংখ্য ফুল। ভোটারদের স্বাগত জানানোর জন্য ভোটকেন্দ্রে নীলাকে আনা হয়েছে। তাই ভারতীয় পোশাক-গয়না পরিয়ে সুন্দর করে সাজানোও হয়েছে যন্ত্রমানবীকে। হাতে ফুলের ট্রে নিয়ে রোবটটি মাঝেমধ্যে এগিয়ে যাচ্ছে, কখনও আবার পিছোচ্ছে। লাল বর্ণের চোখ দু’টিও এ দিক-ও দিক ঘুরে সতর্ক দৃষ্টি রাখছে। পাছে কোনও ভোটার যদি তার আপ্যায়ন থেকে বাদ পড়ে যায়। পুদুচেরির ভোটের এই অন্য রকম ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

রোবটটির প্রস্তুতকারক সংস্থা ‘রোবো মিরর’-এর এক আধিকারিক কৌশিক জানিয়েছেন, নীলা নামের রোবটটিকে নানা অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্যই তৈরি করা হয়েছে। বিয়ে থেকে ভোট, সবেতেই এই রোবটকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব। তাঁরা কোয়েম্বাটুর থেকে রোবটটিকে নিয়ে এসেছেন। কৌশিকের দাবি, রোবটটির মধ্যে নানা রকম বৈশিষ্ট্য রয়েছে। সেটিকে দিয়ে ইচ্ছামতো ভয়েস কমেন্ড দেওয়ানোও সম্ভব।

Advertisement

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলের পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও হয়ে গেল বিধানসভা ভোট। তিন কেন্দ্রেই এক দফায় ভোটগ্রহণ হয়েছে। পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট। মুখ্যমন্ত্রী এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা-প্রধান এন রঙ্গস্বামী। তাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-ডিএমকে জোট। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাভাড়ি এবং মঙ্গলম আসনে প্রার্থী। থাট্টানচাভাড়িতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ভি বৈথিলিঙ্গম। পুদুচেরিতে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৬.৯২ শতাংশ। ৪ মে ফলপ্রকাশের অপেক্ষা।

‘এএনআই’ তাদের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাতাশ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকদের মনে নীলা জায়গা করে নিয়েছে।

Viral Video Puducherry Assembly Election Robot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy