Advertisement
E-Paper

রং না মাখলে মান হবে সঙ্গীর, শখের দাড়ি বাঁচিয়ে কী ভাবে দোল খেলবেন এ যুগের প্রেমিকেরা?

শখের দাড়ির সৌন্দর্য নষ্ট হতে পারে দোলের রং লাগলে। কী ভাবে, দাড়ি বাঁচিয়ে রং খেলবেন। রং খেলার আগে-পরে দাড়ির যত্ন নেবেন কী ভাবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৮:৫৮
শখের দাড়ি বাঁচিয়ে রঙের উৎসব পালন করবেন কী ভাবে? রং লাগার আগেই কোন প্রস্তুতি জরুরি?

শখের দাড়ি বাঁচিয়ে রঙের উৎসব পালন করবেন কী ভাবে? রং লাগার আগেই কোন প্রস্তুতি জরুরি? ছবি: এআই সহায়তায় প্রণীত।

দোলোৎসবের সঙ্গে জড়িয়ে রাধাকৃষ্ণের লীলা, যা প্রেমের শাশ্বত উদাহরণ। প্রেমিক কৃষ্ণের কখনও দাড়ি ছিল বলে শোনা যায় না। তবে, আজকের অনেক প্রেমিকেরই শখের দাড়ি আছে। সেই দাড়ি বাঁচিয়ে তাঁরা রং খেলবেন কী ভাবে?

পুরুষমাত্রই দাড়ি থাকে, তা নিয়ে কি রং খেলা যায় না, বলতে পারেন অনেকেই। কিন্তু রং খেলতে গিয়ে শখের দাড়ি যদি জলাঞ্জলি দিতে হয়, মনের অবস্থা কী হতে পারে ভালই জানা আছে সুমনের। একটাই বছর ঘুরেছিল দাড়ি রেখেছিলেন পিএইচডি-র ওই পড়ুয়া। দোল খেলতে গিয়েই যত বিপত্তি। বন্ধুবান্ধব কে যে কোন রং দিচ্ছেন, বোঝা যায় না। আচমকাই শুরু হয় দাড়ি চুলকানো। ভেবেছিলেন, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেই ঝামেলা মিটে যাবে। কিন্তু হয়নি। রং থেকেই এমন সংক্রমণ হয়েছিল যে, চিকিৎসার স্বার্থে এক সময় সেই দাড়ি কেটে ফেলতে হয়।

দাড়ি নিয়ে বরাবরের খুঁতখুঁতে সৌম্য। ফ্রেঞ্চকাট হালকা বাদামি দাড়ির জন্য যত্নের শেষ নেই। নিয়ম করে ক্রিমের ব্যবহার, কায়দা করে ছাঁটা, সবই চলে নিয়ম করে। যবে থেকে দাড়ি নিয়ে শখ-শৌখিনতা, তবে থেকে দোলখেলা এড়িয়ে চলতেন। কিন্তু আগামী বছর বিয়ে পাকা। হবু বউয়ের আবদার, রং এ বার খেলতেই হবে। কিন্তু কেয়ারি করা দাড়ির কী হবে?

দোল তো শুধু রঙের উৎসব নয়। এ উৎসব তো প্রেমেরও। প্রিয় মানুষটির হাতের স্পর্শ, ভাললাগার অনুভূতিও যে কম নয়! শুধু প্রেম কেন, বন্ধুমহলের হইহল্লা, পার্টি তো এমন দিনে এড়িয়ে যাওয়া চলে না শুধু শখের দাড়ি নষ্ট হওয়ার ভয়ে। কিন্তু বড় দাড়ি নিয়ে ঝক্কিও যে কম নয়, তা যাঁর আছে, তিনিই জানেন। ক্ষতিকর রাসায়নিক রং দাড়িতে লাগলে অ্যালার্জি হতে পারে। বিশেষত দাড়ির ঘনত্ব বেশি হলে আবির যদি ভিতরে ঢুকে থাকে বা রং প্রবেশ করে, তা থেকে র‌্যাশ, ফুস্কুড়ি, চুলকানি, হতে পারে অনেক কিছুই। চুলকাতে চুলকাতেই যদি সময় যায়, রং খেলার তখন কী হবে? তা ছাড়া, রঙে থাকা রাসায়নিকের প্রভাবে দাড়ি রুক্ষও হয়ে পড়তে পারে। তার উপর দাড়িতে যদি শখ করে হালকা রং ব্যবহার করা হয়, তবে দোলের গাঢ় রঙের পরত সেই সৌন্দর্যও নষ্ট করতে পারে।

কিন্তু দোলও যে বছরে একবারই আসে। প্রেমিকা, বন্ধুবান্ধবের ডাক কি উপেক্ষা করা চলে? শখের দাড়ি বাঁচিয়ে রং খেলার উপায় বাতলে দিলেন কলকাতার ট্রিকোলজিস্ট (চুল এবং মাথার ত্বক বিষয়ক চর্চাকারী) বব শুভদীপ।

রাসায়নিক মিশ্রিত রং শুধু দাড়ি-গোঁফ নয়, ত্বকের জন্যও অত্যন্ত ক্ষতিকর। তাই রং খেলা এড়িয়ে যাওয়াই ভাল বলে তিনি মনে করেন। তবে, রং একেবারেই এড়ানো না গেলে আগে থেকে প্রস্তুতি নেওয়া ভাল। বব বলছেন, ‘‘ত্বকে ব্রণ না থাকলে অলিভ অয়েল এবং নারকেল তেল মিশিয়ে মুখে ভাল করে মেখে নিতে হবে। সেটাই বুলিয়ে নিতে হবে দাড়িতেও। ব্রণর সমস্যা থাকলে ব্রড স্পেকট্রামের কোনও সানস্ক্রিন জেল একটু পুরু করে লাগাতে হবে। আসলে ত্বকে লেগে থাকা রংও অনেক সময় দাড়ির মধ্যে ঢুকে যায়।’’

অনেকেরই দাড়ি কাঁচায়-পাকায়। সেই সমস্ত দাড়িতে দোলখেলার পরে দাড়ির সাদা অংশের উপর রঙের ছোপ ধরে যাওয়ার ভয় থাকে। তাই ভাল হয়, যদি তেল মেখে নেওয়া যায়। এর উপর চট করে দোলের রং ধরবে না। আরও একটি উপায় আছে। দাড়িতে যদি কেউ আগে থেকেই একটু গাঢ় রং করিয়ে রাখেন, তা হলেও রং খেলার সময় দাড়িতে রঙের ছোপ লাগার ভয় থাকে না। তবে বব মনে করাচ্ছেন, রং হতে হবে অ্যামোনিয়া এবং পিপিডি মুক্ত। তাঁর মতে, রং করানো হলেও তার উপর অলিভ অয়েল এবং নারকেল তেলের মিশ্রিত পরত জরুরি। এর কারণ প্রসঙ্গে বব বলছেন, ‘‘অলিভ অয়েল একটু ঘন, নারকেল তেল পিচ্ছিল। ফলে এই পরত ক্ষতিকর রাসায়নিকের থেকে দাড়ি কিছুটা হলেও বাঁচাবে। রংও দ্রুত উঠে যাবে।’’

দোলখেলার পর আসে রং ধোয়ার পালা। এ ক্ষেত্রে ট্রিকোলজিস্টের পরামর্শ হল, প্যারাবেন এবং সালফেট মুক্ত ফেসওয়াশ ব্যবহারের। মুখ পরিষ্কারের পাশাপাশি তা দিয়ে দাড়িটিও পরিষ্কার করে নেওয়া যায়। দাড়ির রং তোলার জন্য সালফেট ফ্রি শ্যাম্পুও মাখতে পারেন কেউ।

শ্যাম্পু করে নেওয়ার পরে দাড়ির যত্নে কাজে লাগবে অ্যালো ভেরা জেল। তবে সরাসরি গাছের পাতা থেকে কেটে তা মাখলে হবে না। কারণ, এর মধ্যে এমন অনেক কিছু উপাদান রয়ে যায় যা ত্বকে সরসারি দিলে সহ্য না-ও হতে পারে। নিরাপদ উপায় হল বাজারচলতি ভাল কোনও অ্যালো ভেরা জেল ব্যবহার করা। সরাসরি তা দাড়ি-গোঁফে লাগিয়ে নেওয়া যেতে পারে। সাধারণত, এইটুকু করলেই যথেষ্ট।

তবে চাইলে কেউ ভাল কোনও দাড়ির তেল বা বিয়ার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এতে ভিটামিন ই, নারকেল তেল-সহ নানা রকম উপাদান থাকে, যা দাড়ি নরম এবং সুন্দর রাখতে সাহায্য করে।

রং থেকে কারও যদি অ্যালার্জি হয়, দাড়ি চুলকায়, মুখে র‌্যাশ বেরিয়ে যায়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Holi Beard Protection Beard Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy